দ্যা এক্সপোস

বরিশাল শিল্পকলায় অস্থিরতার অভিযোগ, উদ্বেগে সংস্কৃতিকর্মীরা

বরিশাল শিল্পকলায় অস্থিরতার অভিযোগ, উদ্বেগে সংস্কৃতিকর্মীরা

বরিশাল জেলা শিল্পকলা একাডেমির সার্বিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক স্থানীয় সংস্কৃতিকর্মী। তাদের অভিযোগ, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর দীর্ঘদিন ধরে শিল্পকলা একাডেমির বিভিন্ন কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ, প্রভাব বিস্তার এবং ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন। এর ফলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক সাংস্কৃতিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী মানসিক চাপে রয়েছেন বলে দাবি তাদের।

সংস্কৃতিকর্মীদের অভিযোগ, শিল্পকলা একাডেমির বিভিন্ন সভা ও বৈঠকে আমন্ত্রণ না থাকা সত্ত্বেও তিনি উপস্থিত হয়ে কর্তৃত্বপূর্ণ আচরণ করেন এবং ভিন্নমত পোষণকারীদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন। তাদের দাবি, এভাবে শিল্পকলা একাডেমির কার্যক্রম নিজের প্রভাববলয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বরিশাল জেলা ও মহানগর জাসাসের কয়েকজন নেতার অভিযোগ, সংগঠনের অভ্যন্তরেও তিনি একক প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তাদের দাবি, তার কর্মকাণ্ডের সমালোচনা করলেই হুমকি দেওয়া হয়। এছাড়া বিরোধিতাকারীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টারও অভিযোগ তুলেছেন তারা।

স্থানীয় কয়েকজন সংস্কৃতিকর্মী জানান, বর্তমান পরিস্থিতিতে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। তারা আরও অভিযোগ করেন, এস এম সাব্বির নেওয়াজ সাগরের বিরুদ্ধে ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন অভিযোগ রয়েছে। শিল্পকলা একাডেমির অফিসকক্ষে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সামনেই নিয়মিত ধূমপান করেন জাসাস সাগর। এ নিয়ে আপত্তি তুললে ক্ষোভ প্রকাশ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেছেন কয়েকজন সংস্কৃতিকর্মী। তবে এ অভিযোগটি স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. তানভীর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

কয়েকজন অভিযোগকারী আরও দাবি করেন, শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তের সময় সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে এস এম সাব্বির নেওয়াজ সাগর সহযোগিতা করেছিলেন।

এছাড়া অভিযোগকারীদের দাবি, শিল্পকলা একাডেমির ভেতরে একটি গ্রুপ গড়ে তুলে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

বরিশালের সংস্কৃতিকর্মীরা শিল্পকলা একাডেমিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ এবং উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এস এম সাব্বির নেওয়াজ সাগরের বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।