বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে শিরোপা অন্যতম দাবিদার স্পেনকে রুখে দিয়ে রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সী গোলরক্ষক পরবর্তী গন্তেব্যর জন্য একটি নতুন ক্লাব খুঁজছেন।
এমনকি ব্রাজিলে খেলতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। ব্রাজিলিয়ান সাংবাদিক ও ইনফ্লুয়েন্সার ড্যানিয়েল ব্রাউনকে দেওয়া এক সাক্ষাৎকারে কেপ ভার্দের এই গোলরক্ষক বলেন, পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তিনি খেলা চালিয়ে যেতে চান। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত টুর্নামেন্টে তার সাফল্যের পর তিনি একটি নতুন দল খুঁজে পেতে আগ্রহী।
ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের পর উরুগুয়ের সঙ্গে ড্র করে আফ্রিকার দেশ কেপ ভার্দে। এসব ম্যাচে অসাধারণ পারমরম্যান্স করে অনুপ্রেরণামূলক গল্পে পরিণত হন ভোজিনহা। তিনি বলেন, আমি আমার আগের ক্লাব দেপোর্তিভো চাভেসের সঙ্গে চুক্তি শেষ করেছি এবং এই মুহূর্তে আমার কাছে এখনও কিছু নেই। আমি সবকিছুর জন্য প্রস্তুত। দেখা যাক কী হয়।
ব্রাউনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে ভোজিনহা হেসে বলেন, এটা ভালো হবে। দেখা যাক। তিনি অবশ্যই ব্রাজিলে যাওয়ার চেষ্টা করতে চান, অন্তত বেড়াতে যাওয়ার জন্য। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক বলেন, যদি সুযোগ পাই, আমি যেতে চাই, এবং সেই সঙ্গে সবাইকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতেও যেতে চাই। আর আমি মনে করি আমার অনেক সতীর্থও যেতে চায়।
তিনি আরও বলেন, অ্যাঙ্গোলায় তার সাবেক দল প্রোগ্রেসো দো সাম্বিজাঙ্গা যখন ব্রাজিলে তাদের প্রাক-মৌসুম অনুশীলন করেছিল, তখন তিনি সেখানে সময় কাটিয়েছিলেন। বড় হওয়ার সময় তার আদর্শদের মধ্যে ছিলেন বেলজিয়ামের গোলরক্ষক মিশেল প্রিউড’হোম, ডাচম্যান এডউইন ফন ডার সার এবং ইতালির জিয়ানলুইজি বুফন।
এই মুহূর্তে তার স্বপ্ন হলো প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণকারী কেপ ভার্দেকে গ্রুপ পর্ব পেরিয়ে যেতে সাহায্য করা।